দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন পরীমনি!

আপডেট : ২৬ মে ২০২৬, ০৮:৪৯ পিএম

গত বছরের শেষের দিকে হঠাৎ করেই খবর আসে, চিত্রনায়িকা পরীমনি অভিনীত বহুল প্রত্যাশিত ডোডোর গল্প সিনেমাটি মুক্তি পাচ্ছে আসন্ন কোরবানি ঈদে। তখন দেশের বাইরে ছিলেন নায়িকা। কিন্ত সিনেমাটি মুক্তির খবরে খুশিতে দ্রুত দেশে এসে কাছের মানুষদের নিয়ে জমকালো এক পার্টির আয়োজন করেন পরী। দীর্ঘ বিরতির পর 'ডোডোর গল্প' সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফেরা এবং এই চরিত্রের অভিজ্ঞতাকে তিনি নিজের জীবনের একটি বিশেষ অধ্যায় ও অমূল্য স্মৃতি হিসেবে উল্লেখ করেন পরী। 

যদিও তখনই অনেকের ধারণা ছিল, ঈদের মতো বড় উৎসবে ডোডোর মতো সরকারী অনুদানের ডোডোর গল্প মুক্তি পাবে না। আর পার্টির পর পরীমনিও সিনেমাটি নিয়ে আর তেমন কোনো শব্দ করেননি। এমনকি কোরবানি ঈদের সিনেমাগুলো নিয়ে যখন প্রচারণায় ব্যস্ত, তখনও চুপ ছিলেন পরীমনি। নায়িকার নিরবতাই জানান দেয়, অনুমানই সত্যি হচ্ছে। ঈদে আসছে না ডোডোর গল্প। 

কিন্তুু অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন পরীমনি। জানা গেছে, সিনেমাটি এখনও সেন্সরেই জমা পড়েনি। কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা রেজা ঘটক পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ। প্রতিষ্ঠানটি জানায়, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’ চলচ্চিত্রের কাজ সম্পন্ন শেষে গত ১৯ মে ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সিনেমার ড্রাফট কপি জমা দেওয়া হয়েছে। আসন্ন ঈদুল আযজার পর টেকনিক্যাল-শো শেষে প্রয়োজনীয় কারেকশন-এর পর সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। 

তবে ঈদের আগে আজ মঙ্গলবার (২৬ মে) চলচ্চিত্রের একটি গান প্রকাশ হওয়ার কথা। স্যামুয়েল হকের লিরিক থেকে 'জোছনায় ভাসা শহর' শিরোনামের গানটির সুর ও কম্পোজ করেছেন প্রিন্স মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজির তুহিন। সংগীত আয়োজন করেছেন শাকের রাজা। 

পরীমনি ছাড়াও ডোডোর গল্প সিনেমায় অভিনয় করেছেন সাইমন সাদিক, আমিরুল হক চৌধুরী, ওয়ামিদা মল্লিক, শহিদুল আলম সাচ্চু, আহসান হাবিব নাসিম, রিফাত চৌধুরী, কাজী আনিসুল হক বরুণ, শেখ মাহবুবুর রহমান, আনন্দ খালেদ, ইকবাল হোসেন, সজিব মামুন, আজম খান, খায়রুল আলম টিপু, আল-আমিন দুরানী, শ্যামল হাসান, মাহিরা হাসান, সোহেল তৌফিক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত