আসামি ধরতে গিয়ে হামলার শিকার, আহত দুই পুলিশ

রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজি মামলার আসামি ধরতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা বিলপাড়া এলাকায় এই হামলায় দুই পুলিশ সদস্যসহ মোট তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানান পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন। আহতরা হলেন, পাংশা মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম, কনস্টেবল আতোয়ার রহমান ও স্থানীয় বাসিন্দা আকুল (৫৫)।

পাংশা থানা সূত্রে জানা যায়, গত শনিবার রাত সোয়া ১১টার দিকে পাট্টা ইউনিয়নের পাট্টা জোনা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমোর কুমার দাসের বাড়িতে চাঁদাবাজি ও লুটের ঘটনা ঘটে। এই ঘটনায় সমোর কুমার দাস গত সোমবার পাংশা থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। সেই মামলায় পাট্টা ইউনিয়নের জাগির কয়া গ্রামের ফরহাদ হোসেন (৩০) ও একই ইউনিয়নের জোনা গ্রামের অসিম বালা ওরফে অসিতকে (২০) গ্রেপ্তার করে পুলিশ।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ পাট্টার বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী পুলিশের ওপর আগ্নেয়াস্ত্রসহ ককটেল জাতীয় হাতবোমা ও ইটপাটকেল দিয়ে হামলা করে। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ প্রতিরোধ গড়ে তোলে। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আলম শেখ নামে এক হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।

এদিকে মামলার বাদী শিক্ষক সমোর কুমার দাস গত বুধবার বিকেলে পাট্টা বাজারে গেলে তাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করে কয়েকজন সন্ত্রাসী। বর্তমানে তিনি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সমোর কুমার দাসের পরিবারের এক সদস্য জানান, গত শনিবার রাতে চার মুখোশধারী তাদের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ১ লাখ টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়।