লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক শহরে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে সংঘটিত এই হামলায় কমপক্ষে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার শহরগুলোর মধ্যে রয়েছে আয়তা আল-জাবাল, তায়বেহ, তায়ের দেব্বা এবং জাওতার আল-শারকিয়া।
ইসরাইলি বাহিনী দাবি করেছে, তাদের টার্গেট ছিল হিজবুল্লাহর সামরিক স্থাপনা। তবে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বেশ কয়েকটি হামলা বেসামরিক এলাকায় চালানো হয়েছে।
হামলার পর লেবানন সরকার ও হিজবুল্লাহ উভয়েই তীব্র নিন্দা জানিয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে বলেন, “আজকের এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনকে সরাসরি লঙ্ঘন করেছে। ইসরাইল আমাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিতে চায়।”
তিনি আরও বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল রাজনৈতিক সমাধানে অনাগ্রহী, বরং বারবার হামলার মাধ্যমে সেই অবস্থান স্পষ্ট করছে।
অন্যদিকে হিজবুল্লাহ জানায়, তারা এখনো যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে চায়, কিন্তু ইসরাইলের অব্যাহত আগ্রাসন তাদেরকে প্রতিরোধমূলক পদক্ষেপে বাধ্য করছে।
সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, “যে শক্তি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আমাদের আছে।”
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলার আগে জাওতার আল-শারকিয়া এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই সেখানে বিমান হামলা শুরু হয়।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরাইল