নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত

নীলফামারী সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে রাশেদ পারভেজ (২৪) নামে এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে সদরের টেক্সটাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ পারভেজ নীলফামারী পৌরসভার কলেজপাড়ার মহর আলীর ছেলে ও উত্তরা ইপিজেডের ইপিএফ প্রিন্টিং লিমিটেড কোম্পানি প্যাকেজিং শাখার কর্মী ছিলেন। এ ছাড়া রাশেদ টিআইবি পরিচালিত নীলফামারী সচেতন নাগরিক কমিটির (সনাক) ইয়েস সদস্য এবং সাবেক স্কাউট ও রোভার স্কাউট ছিলেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শীর বরাদ দিয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে কর্মস্থল ইপিজেডের দিকে যাচ্ছিলেন রাশেদ। এ সময় টেক্সটাইল মোড়ে পৌঁছলে ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে আসা সৈয়দপুরগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে নীলফামারী ২৫০ শষ্যা আধুনিক হাসপাতালে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।