ওজন নিয়ে রহস্য ফাঁস বিদ্যা বালানের

ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে চেহারা খানিক রোগা থাকলেও পরের দিকে ওজন বাড়ে অভিনেত্রী বিদ্যা বালানের। তবে, সম্প্রতি ওজন বেশ কমিয়ে ফেলেছেন তিনি। বিদ্যা কোনোদিনই তার ভারী চেহারা নিয়ে হতাশার কথা না বললেও ভেতরে ভেতরে ওই চেহারার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। 

সম্প্রতি এক পডকাস্টে অভিনেত্রী তার ওজন কমিয়ে ফেলার রহস্য জানান। হাজার শরীরচর্চা করেও যা হয়নি, তা একদিন খাওয়া-দাওয়ার অভ্যাস বদলের ফলে হয়ে গেছে।  

বিদ্যা বলেন, একটি যাপন সংস্থার সদস্য হিসেবে তাদের বিভিন্ন কর্মশালায় গিয়েছিলাম আমি। তাদের কাছ থেকে আমার ওজন বৃদ্ধির কারণ জানতে পারি। আমার ওজন বৃদ্ধির কারণ ছিল ইনফ্ল্যামেশন বা প্রদাহ। স্থূলতাও আসতে পারে প্রদাহের কারণে। সেক্ষেত্রে শরীরচর্চা করেও কাজ হবে না। ওই সংস্থার তরফেই অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ডায়েট চার্ট তৈরি করে দেওয়া হয়। একটু রাশ আলগা হলেই দেখি মোটা হতে শুরু করেছি। কিন্তু সেটি তো স্বাভাবিক ঘটনা নয়। এত তাড়াতাড়ি মেদ শরীরে ফিরে আসতে পারে না। শেষে ওই অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ডায়েট করে আমার ওজন ঝরলো। আর বিশ্বাস করুন, গত এক বছর আমি সে রকম কঠোর কোনো শরীরচর্চাই করিনি। কিন্তু ফলাফল অবাক করা!