বগুড়ায় সৎ ছেলের হাসুয়ার কোপে বাবার মৃত্যু

বগুড়ার কাহালুতে পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলের হাসুয়ার আঘাতে মিলন ওরফে টাইগার মিলন (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কাহালু উপজেলা পশু হাসপাতালের সামনে সৎ ছেলে শামীম হোসেন (২২) হাসুয়া দিয়ে মিলনকে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করেন। রাত সাড়ে ১০টার দিকে শামীম ও তার মা মেঘনা বেগমকে আটক করে থানা পুলিশ।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত টাইগার মিলন উপজেলার পালপাড়াা আমজাদ হোসেনের ছেলে। প্রায় ৮/৯ বছর আগে তিনি জামতলা গ্রামের চার সন্তানের জননী মেঘনা বেগমকে (৩৫) বিয়ে করে পশু হাসপাতালের পাশে একটি পরিত্যক্ত ভবনে বসবাস শুরু করেন।

কাহালু থানাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনার প্রথম স্বামী নাজুর ছেলে শামীম হোসেন (২২) কোনোভাবেই তার সৎ বাবা মিলনকে মেনে নিতে পারেননি। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ লেগে ছিল। বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহের একপর্যায়ে শামীম ধারালো হাসুয়া দিয়ে মিলনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় মিলনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে মিলনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে কাহালু থানা পুলিশ মেঘনা বেগম এবং তার ছেলে শামীম হোসেনকে গ্রেপ্তার করে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, ঘটনার তদন্ত চলছে। নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।