খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। নিহত দুইজন বাসের যাত্রী ছিলেন। আর আহত সাতজন বাস ও মোটরসাইকেলের আরোহী।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুরে মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস জেলার রামপাল উপজেলার তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ৭টি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি হার্ডব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত সাতজন।
আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত দুজনই পুরুষ। তাদের বিস্তারিত নাম-পরিচয় এখনও জানা যায়নি। তাদের পরিচয় সনাক্তে কাজ চলছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান বলেন, মোটরসাইকেল আরোহীরা পর্যটক। তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলায় যাচ্ছিলেন।