যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদি সরকারি অচলাবস্থা (শাটডাউন) এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির দুর্বলতার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণ কেনার আগ্রহ বাড়ছে। এছাড়া ফেডারেল রিজার্ভের সুদের হার আরও কমানোর সম্ভাবনার প্রভাবেও শুক্রবার (৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৩,৯৯৯.৮৯ ডলারে পৌঁছেছে।
স্বর্ণবিশ্লেষক রস নরম্যানের মতে, স্বর্ণের দাম বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকবে। বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় এবং সুদের হার হ্রাসের প্রত্যাশা-এই দুটি বিষয়ই স্বর্ণের দাম বাড়ার মূল কারণ।
গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের সরকারি ও খুচরা খাতে অনেক মানুষ চাকরি হারিয়েছে। সেই সঙ্গে ব্যয় কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার কারণে প্রতিষ্ঠানগুলোতে ছাঁটাইও বেড়েছে। সাধারণত চাকরির বাজার দুর্বল হলে ফেড সুদের হার কমাতে আগ্রহী হয়।
বাজার পর্যবেক্ষকদের ধারণা, ডিসেম্বর মাসেই ফেড আরও সুদের হার কমানোর সম্ভাবনা প্রায় ৬৭ শতাংশ, যা আগে ছিল ৬০ শতাংশ। গত সপ্তাহে ফেড সুদের হার কমিয়েছে এবং ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন, এটি হয়তো এ বছরের শেষ সুদের হার হ্রাস।
এএনজেড ব্যাংকের পণ্য বিশ্লেষক সোনি কুমারি বলেছেন, এখন বিনিয়োগকারীদের মূল লক্ষ্য অর্থনীতির বৃহৎ সূচকগুলো এবং যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা কখন শেষ হবে। এই অনিশ্চয়তার কারণেই নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের কদর বাড়ছে।
যুক্তরাষ্ট্রে কংগ্রেসের দীর্ঘস্থায়ী অচলাবস্থার কারণে ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউন চলছে। এর ফলে ফেডও সরকারি তথ্যের পরিবর্তে বেসরকারি খাতের বিভিন্ন সূচকের ওপর নির্ভর করছে।
অন্যদিকে, শুক্রবার স্পট সিলভারের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮.৫৮ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০.৪ শতাংশ বেড়ে ১,৫৪৭.৪৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৭ শতাংশ বেড়ে ১,৩৮৪.১৮ ডলারে পৌঁছেছে। তবে সাপ্তাহিক হিসাবে এই তিন ধাতুর দামই কমেছে।