মেসির 'আমি চাই' নিয়ে তুমুল আলোচনা আর্জেন্টিনায়

২০২৬ সালের বিশ্বকাপের জন্য নিজেদের নতুন জার্সি উন্মোচনের সময় একটি ছোট্ট ভিডিও প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল দল। কিন্তু সেই ভিডিওর মাত্র তিনটি শব্দই এখন আলোচনার কেন্দ্রবিন্দু — লিওনেল মেসির মুখে উচ্চারিত “আমি চাই” (স্প্যানিশে “Lo quiero”)।

অ্যাডিডাস তৈরি করেছে সৃজনশীল এই বিজ্ঞাপনচিত্র, যেখানে মূল গল্প ঘোরে তাসের খেলা ‘ত্রুকো’কে কেন্দ্র করে। সেখানে মুখোমুখি বসেছেন লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল একদিকে, অন্যদিকে লেন্দ্রো পারেদেস ও এএফএ সভাপতি ক্লদিও “চিকি” তাপিয়া।

দৃশ্যের শুরুতে দলের প্রিয় কিটম্যান মারিও দি স্তেফানো (মারিতো) একটি পুরোনো রেডিও ঠিক করেন, আর বাজতে শুরু করে আর্জেন্টিনার রক সংগীত “Tengo”—সান্দ্রোর ক্লাসিক গানের ‘Divididos’-এর সংস্করণ।

এরপর কোচ লিওনেল স্কালোনি, হাতে একটি পত্রিকা, যার শিরোনাম— “আর্জেন্টাইন স্বপ্ন কি এখনও বেঁচে আছে?”। উত্তরে স্কালোনি বলেন, “তুমি কী ভাবো?”

ভিডিওটিতে একে একে দেখা যায় বর্তমান দলের তারকা খেলোয়াড়দের—কুটি রোমেরো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, দিবু মার্টিনেজ, জিও লো সেলসো, নিকো গঞ্জালেস, থিয়াগো আলমাদা, হুয়ান ফয়েথ, টাগলিয়াফিকো, মার্কোস আকুনা—এছাড়া নতুন প্রজন্মের তারকাদের মধ্যে জুলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, ক্লাদিও এচেভেরি, নিকো পাজ, ভ্যালেন্টিন কার্বনি ও লিওনার্দো বালার্দিও আছেন।

এছাড়া অংশ নিয়েছেন জনপ্রিয় সঙ্গীত প্রযোজক বিজারাপ, যাকে খেলোয়াড়দের প্রিয় সংগীতশিল্পী হিসেবেই দেখা যায়।

কিন্তু পুরো ভিডিওর সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে শেষে—যখন তাস খেলতে খেলতে তাপিয়া বলেন, “আমি চাই, এর দাম চার!” (স্পষ্ট ইঙ্গিত—চতুর্থ তারকা জয়ের আকাঙ্ক্ষা)। তখন মেসি হাসিমুখে তাকিয়ে উত্তর দেন, “আমি চাই।”

এরপর সবাই উল্লাসে ফেটে পড়েন। হাসি ও তালি দিয়ে সতীর্থরা বুঝিয়ে দেন, মেসি হয়তো পরবর্তী বিশ্বকাপে দলকে আবার নেতৃত্ব দেবেন।