টঙ্গীতে তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় শনিবার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস। 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর মিলগেইট কো-অপারেটিভ সোসাইটি মার্কেটের তুলার গোডাউনে এই আগুন লাগে। 

মুহূর্তেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এতে, পাশে থাকা ভবনের গার্মেন্টস কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

মিলগেট বাজারের ব্যবসায়ীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আব্দুস সাত্তারের তুলার গুদামে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের শহিদুল ইসলাম, রাজু, আব্দুল মান্নান, শাহিন ও চায়না গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত তুলা তৈরির কাঁচামাল, তৈরিকৃত তুলা, আসবাব ও মেশিনপত্র পুড়ে যায়। 

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।