সব তাফসির মাহফিল স্থগিত করলেন আজহারী

জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী এ বছর উন্মুক্ত স্থানে অনুষ্ঠিতব্য সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা দিয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, গত বছর আটটি বিভাগে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও, জনসমাগমের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক দায়িত্ব পালন করতে হয়েছিল।

তিনি লেখেন, বর্তমানে সারাদেশে নির্বাচনের প্রস্তুতি চলছে এবং ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। রাজনৈতিক দলগুলো বড় বড় সমাবেশ করছে—যেখানে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বাড়তি দায়িত্ব পড়ছে।

আজহারীর মতে, এমন সময়ে বড় আকারের তাফসির মাহফিল আয়োজন করলে নিরাপত্তা বাহিনীর ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে, যা পরিস্থিতি বিবেচনায় যুক্তিসঙ্গত নয়।

তিনি জানান, জাতীয় স্বার্থ ও জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এ বছর উন্মুক্ত মাঠে কোনো বিভাগীয় তাফসির মাহফিল হবে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন-পরবর্তী সময়ে পুনরায় এসব আয়োজন শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া তিনি জানান, সম্প্রতি প্রতিষ্ঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’-এর কার্যক্রমে তিনি এখন সম্পূর্ণভাবে যুক্ত আছেন এবং শিক্ষা খাতে প্রতিষ্ঠানটির ভূমিকা বিস্তারে মনোযোগ দিচ্ছেন।

শেষে তিনি সবাইকে দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং সুস্থতা ও কল্যাণের বার্তা দেন।