তিন দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা। এদিকে দাবি আদায়ে বিকেলে কলম বিসর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।
শনিবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন, আমাদের সচিব, উপদেষ্টা তাদের কাছে হয়তো কলম নেই, তাই সহকারী শিক্ষকদের প্রজ্ঞাপনে তারা সই করতে পারছে না। আমরা তাদের উদ্দেশে আজ কলম সমর্পণ করব, যাতে তারা সহকারী শিক্ষকদের দশম গ্রেডসহ তিন দফা বাস্তবায়ন করেন।
সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিগুলো হলো- ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি।