উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের ৯ম গ্রেড দাবি

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৭:৪০ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের ১০ম থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি জানিয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়ে, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর যাবৎ একই পদে চাকরী করছেন, এমনকি অধিকাংশ কর্মকর্তা একই পদে থেকে অবসরে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে এবং কর্মস্পৃহা হ্রাস পাচ্ছে। পদমর্যাদা বৃদ্ধি করা হলে দীর্ঘদিনের লালনকৃত প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে এবং কর্মোদ্দীপনা বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা পরিবারের সর্বোচ্চ সংখ‌্যক এই অফিসারদের মনে পুঞ্জিভূত বৈষম‌্যমূলক বঞ্চনাবোধের অবসান হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য সচিব আল আমিন হাওলাদার। এসময় আহবায়ক মুহাম্মদ মিলন মিয়া, যুগ্ম-আহবায়ক সিরাজুল ইসলামসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমিতির নেতারা জানান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন‌্য মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। ১৯৯৪ সালে সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হয়। তার অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি তৎকালীন ১৭তম গ্রেডে এবং সহকারী শিক্ষক পদটি ১৮তম গ্রেডে ছিল।

প্রধান শিক্ষক পদটি কয়েক দফায় উন্নীত হয়ে ২০১৪ সালে ১১তম গ্রেডে এবং সম্প্রতি উচ্চতর আদালতের রায়ে ১০ম গ্রেডে উন্নীত করার সকল প্রক্রিয়া সমাপ্তের পথে। সহকারী শিক্ষক পদটিও চার দফায় উন্নীত হয়ে ২০২০ সালে ১৩তম গ্রেডভুক্ত হয়। ইতোমধ্যে এই দপ্তরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিনটেনডেন্ট পদটি ৯ম গ্রেড থেকে ৬ষ্ঠ গ্রেডে এবং পিটিআই ইন্সট্রাক্টর পদটি ৩য় শ্রেণি থেকে ১ম শ্রেণি (৯ম গ্রেড) উন্নীত করা হয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের সমগ্রেডের কর্মকর্তাগণ ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত হয়েছেন। কিন্তু দীর্ঘ ৩১ বছর ধরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি ১০ম গ্রেডেই অপরিবর্তিত রয়েছে। যা আমাদের জন‌্য সত‌্যি হতাশাব‌্যঞ্জক ও বৈষম‌্যমূলক বলে আমরা মনে করি।

লিখিত বক্তব্যে বলা হয়েছে, বর্তমানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদিত পদসংখ্যা ২ হাজার ৬২৯টি এবং এই পদের অব‌্যবহিত ঊর্ধ্বতন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর পদসংখ্যা ৫১৬টি। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের পদ সংখ্যা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদ সংখ্যার পাঁচগুণের বেশি।

বর্তমান নিয়োগবিধি অনুযায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদের ৫০ শতাংশ হিসেবে মাত্র ২৫৮টি পদে অর্থাৎ প্রতি ১০ জনে একজন পদোন্নতির সুযোগ পাচ্ছেন। সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি ১০ম গ্রেডে উন্নীতকরণের জন‌্য আদালত চূড়ান্ত রায় প্রদান করেন। সে আলোকে প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীতকরণে প্রক্রিয়া চলমান রয়েছে।

কিন্তু একজন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের অধীন প্রায় ৩০ জন ১০ম গ্রেডভুক্ত প্রধান শিক্ষক এবং ১৬০ থেকে ২০০ জন ১৩তম গ্রেডভুক্ত সহকারী শিক্ষক থাকেন। এই শিক্ষকগণের প্রশাসনিক ও একাডেমিক তত্ত্বাবধান, মেন্টরিং, মনিটরিং, এসিআর ও ছুটি প্রদানকারী কর্মকর্তা হলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার।

এক্ষেত্রে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষক একই গ্রেড হওয়াতে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এ পদটি ৯ম গ্রেডে উন্নীত করা একান্ত প্রয়োজন।

সংবাদ সম্মেলনে বলা হয়, সারা দেশে ৬৫ হাজার ৬৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রায় ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে একটি ভৌগোলিক প্রশাসনিক ইউনিট ‘ক্লাস্টার’ নির্ধারিত আছে যার নেতৃত্বে রয়েছেন একজন উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার। এই বিদ্যালয়গুলোর সাথে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণের নেতৃত্বসহ বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ, সংস্কার, তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের কাজ সূচারুরুপে সম্পাদনের জন‌্য তদারকি করতে হয়।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক শিক্ষার বৈষম্য নিরসনে গঠিত কনসালটেশন কমিটির রিপোর্টে জনবল এবং আর্থিক ও বস্তুগত সম্পদ ব্যবস্থাপনায় শিক্ষক ও কর্মকর্তাদের পদের গ্রেড উন্নীতকরণের বিষয়ে সুপারিশ করা হয়েছে।

গত ২৩ মার্চ ৯ম গ্রেডের দাবিতে জেলা সংগঠনের পক্ষ থেকে দেশের ৬৪টি জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি পেশ করা হয়।

ইতোপূর্বে এই পদটি ২য় শ্রেণি (১০ম গ্রেড) থেকে ১ম শ্রেণিতে (৯ম গ্রেড) উন্নীতকরণের পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ১৯তম বৈঠকে সুপারিশ করেছেন। কিন্তু কোন কারণ ছাড়াই অদ্যাবধি এ সুপারিশ বাস্তবায়ন হয়নি।

সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি ৯ম গ্রেডে উন্নীত করা হলে সরকারের তেমন আর্থিক সংশ্লিষ্টতা এবং বাড়তি বরাদ্দের প্রয়োজন হবে না। কারণ এই পদে বর্তমানে কর্মরত ১ হাজার ৭২৭ জনের মধ‌্যে মাত্র ২৬৭ জন কর্মকর্তা ছাড়া অন‌্যান‌্য কর্মকর্তাগণ ১০ম গ্রেড হতে উচ্চতর গ্রেড/টাইম স্কেল/সিলেকশন গ্রেড পেয়ে ইতোমধ্যে ৭ম, ৮ম ও ৯ম গ্রেডে বেতন-ভাতাদি প্রাপ্ত হচ্ছেন। এই পদটি ৯ম গ্রেডে উন্নীতকরণ হলে শুধু ২৬৭ জনের আর্থিক প্রাপ্তিযোগের সম্ভাবনা থাকবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণকল্পে এবং যৌক্তিক বিবেচনায় গ্রেড ১০ম হতে ৯ম গ্রেড-এ উন্নীতকরণের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব, জনপ্রশাসন উপদেষ্টা ও সিনিয়র সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জোর দাবি জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত