অভাবের সংসার তাই বাড়তি আয়ের আশায় কাজ না থাকলে নদীতে মাছ ধরতেন ফেনীর সোনাগাজীর রং মিস্ত্রী শুক্কুর মিয়া। তেমনি শুক্রবার (০৭ নভেম্বর) সকালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। শনিবার (০৮ নভেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শুকুর মিয়া উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের নবী উল্যা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ও পেশায় রং মিস্ত্রী।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বাড়ি থেকে নিজের সাইকেল নিয়ে মুসাপুর ক্লোজার সংলগ্ন নদীতে মাছ ধরেতে যান শুক্কু মিয়া। এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরাতে পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে মোবাইলে করলে সেটি বন্ধ পায়। পরে সোনাগাজী থানায় নিখোঁজ ডায়েরি করে তার পরিবার। সকালে পরিবারের সদস্যরা ফের মুসাপুর গিয়ে নদীর তীরে সাইকেলটি খুঁজে পেলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে নৌকা ভাড়া নিয়ে নদীতে খোঁজাখুঁজি করে একপর্যায়ে ফেনী নদীর বাল্লার চর এলাকায় মরদেহের সন্ধান পাওয়া যায়।
নিহতের ছেলে তারেক হোসেন বলেন,বাবার এক হাতে জালের রশি বাধা ছিল। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা না গেলেও পুরো শরীর কাকড়াসহ সামুদ্রিক মাছের কামড়ে ক্ষতবিক্ষত ছিল। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।