হংকং সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ। আগে বোলিং করে একের পর এক ছক্কা হজমের পর ব্যাটিং ধসে বড় ব্যবধানে হারে আকবর আলীর দল। মং কংয়ের মিশন রোড মাঠে প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ৫৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ নেমে গেছে প্লেট পর্বে। আজ প্লেট পর্বের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।
গতকাল ম্যাচে আগে ব্যাট করে ২ উইকেটে রেকর্ড ১৪৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান করতে পারে বাংলাদেশ। ৬ ওভারে বাংলাদেশের বোলাররা হজম করে মোট ২১টি ছক্কা। অজিদের ১৪৯ এবারের আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ৮ ছক্কায় ১৪ বলে ৫১ রান করে বাধ্যতামূলক অবসরে যান অস্ট্রেলিয়ার বেন মেকডেরমট। ৫ ছক্কায় ৬ বলে ৩০ রান করে আউট হন উইলিয়াম বসিস্টো। অধিনায়ক অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে ২ চার ও ৭ ছক্কায় ১১ বলে ৫০ রান। পরে রান তাড়ায় প্রথম ওভারে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত। দলীয় ১৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে ৬০ রানের জুটি গড়েন রকিবুল হাসান ও আবু হায়দার রনি। ১ চার ও ৩ ছক্কায় ১০ বলে ২৫ রান করেন রকিবুল। শেষ দিকে একা ব্যাটিং করা রনি ২ চার ও ৭ ছক্কায় ১৮ বলে করেন ৫০ রান। বল হাতে ক্রিস গ্রিন নেন ৩ উইকেট।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কোয়ার্টার ফাইনালে হারা চার দল প্লেট পর্বের সেমিফাইনাল ও ফাইনালে মুখোমুখি হয়। কোয়ার্টারে জয়ী চার দল কাপের লড়াইয়ে সেমি ও ফাইনালে মুখোমুখি হয়। বাংলাদেশ আজ প্লেট পর্বের সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।