দীর্ঘদেয়াদি একজন বিদেশি কোচের চাওয়াটা ছিল অনেক দিনের। অবশেষে দেশের টেবিল টেনিস খেলোয়াড়রা পেলেন দীর্ঘমেয়াদি কোচ। বুধবার ভোর রাতে ঢাকায় পৌঁছেছেন জাপানি কোচ ইউতাকা নাকানো। আগামী দুই বছর দেশের টেবিল টেনিস নিয়ে কাজ করবেন তিনি। মূলত জাতীয় দলের জন্য আনা হলেও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন খেলাটি মানোন্নয়নের লক্ষ্যে নানাভাবেই এই কোচকে কাজে লাগাতে চায়।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটি গত বছর দুই বছরের জন্য একজন থাই কোচকে এনেছিল সাউথ এশিয়ান গেমসের ক্যাম্প পরিচালনার জন্য। তখন থেকেই তারা একজন ভালো মানের দীর্ঘমেয়াদি কোচের খোঁজ করছিল। অবশেষে খইখই, রামহিমরা পেলেন জাপানি কোচ।
ফেডারেশন জানিয়েছে, আসন্ন কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ এবং সাউথ এশিয়ান গেমসকে সামনে রেখে করা দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইউতাকা নাকানো কাজ করবেন। প্রাথমিকভাবে ১৮ এপ্রিল থেকে জাতীয় র্যাংকিংয়ের শীর্ষ ১৬ পুরুষ ও সমানসংখ্যক মহিলা প্রাডলারকে নিয়ে শুরু হবে একটা সিলেকশন ক্যাম্প।
জাপান জাতীয় দলে খেলার অভিজ্ঞ না থাকলেও নাকানো খেলা ছাড়ার পর কোচিংকে পেশা হিসেবে নেন। আন্তর্জাতিক পর্যায়ে তার রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। কোচ হিসেবে এটি তার দ্বিতীয়বার বাংলাদেশে আসা। এর আগে ২০২২ সালে তিনি ল্যাবএইডের সহযোগী প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টিং ক্লাবে অল্প কিছুদিন কাজ করে গেছেন। বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের স্যামসন দুবিনা টেবিল টেনিস অ্যাকাডেমিতে কোচ হিসেবে কর্মরত ছিলেন।
ফেডারেশন জানায়, প্রধান কোচ হিসেবে তার দায়িত্বের মধ্যে থাকবে জাতীয় সিনিয়র ও যুবদলের জন্য আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন, প্রতিভাবান খেলোয়াড় বাছাই, আন্তর্জাতিক ও দেশীয় প্রতিযোগিতায় কৌশলগত দিকনির্দেশনা প্রদান, খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্স পর্যবেক্ষণ এবং নিয়মিত অগ্রগতি প্রতিবেদন দাখিল।
টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এম মাকসুদ আহমেদ সনেট বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইউতাকা নাকানোর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশের টেবিল টেনিস নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্য আরও বাড়বে।’
সনেট জানান, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাকে সামনে রেখে আলাদাভাবে দল নির্বাচন করে প্রশিক্ষণের ব্যবস্থা করবে ফেডারেশন। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে মহিলা দলের কোচ হিসেবে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন সালেহা সেতুকে নিয়োগ দেওয়া হয়েছে ইতিমধ্যে।
