অনেক ম্যাচ খেলেছি, এবার বিশ্রাম নেব: এনজো ফার্নান্দেজ

আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ হাঁটুর চোটের কারণে অ্যাঙ্গোলার বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচ খেলতে পারছেন না। চেলসির হয়ে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩-০ জয়ের পর ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার মাঠে খেলতে যাবে আর্জেন্টিনা জাতীয় দল।

চেলসির এই ২৪ বছর বয়সী মিডফিল্ডার জানিয়েছেন, গত চার মাস ধরে তিনি হাঁটুতে বোন ইডিমা সমস্যায় ভুগছেন এবং সাম্প্রতিক সময়ে বড় ধরনের ব্যথা অনুভব করছেন। এনজো বলেন, ‘অনেক ম্যাচ খেলেছি, চাপ বেড়েছে। ফিজিও ও ডাক্তারদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি—এখন বিশ্রাম নেওয়াই সবচেয়ে ভালো। সামনে মৌসুমের গুরুত্বপূর্ণ সময় আসছে, পুরোপুরি ফিট থাকা প্রয়োজন।’

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি শুরুতে এনজোকে দলে ডেকেছিলেন, তবে চোট পরিস্থিতি বিবেচনায় এখন তাকে বাদ দিতে হচ্ছে। মার্চের সম্ভাব্য ‘ফাইনালিসিমা’ ও ২০২৬ বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হওয়ার লক্ষ্যে এনজো দুই সপ্তাহ বিশ্রাম নেবেন। একই সঙ্গে লিয়ান্দ্রো পারেদেস, মারকোস আকুনা এবং লাউতারো রিভেরোকেও ব্যক্তিগত ও ক্লাবের দায়িত্বের কারণে পাচ্ছেন না স্কালোনি।