আর্সেনালের জয়রথ থামিয়ে চমকে দিল সান্ডারল্যান্ড

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:২৩ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা আর্সেনালকে থামিয়ে দিল সান্ডারল্যান্ড। ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় থামল আর্সেনালের টানা ১০ ম্যাচের জয়রথ। পাশাপাশি শেষ আট ম্যাচ ধরে ক্লিন শিট রাখা আর্সেনালকেও এই ম্যাচে দুটি গোল হজম করতে হয়েছে।

শনিবার স্টেডিয়াম অব লাইটে আয়োজিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিগে প্রত্যাবর্তন করা সান্ডারল্যান্ড। ১২তম মিনিটে ড্যান ব্যালার্ডের গোলেই এগিয়ে যায় তারা। এটা ছিল সেপ্টেম্বরের পর আর্সেনালের প্রথম গোল হজম। তবে বিরতির পর ধারাবাহিক আক্রমণে ম্যাচে ফিরেই দুই গোল করে এগিয়ে যায় আর্সেনাল। কিন্তু শেষ বাঁশির আগেই ঘটে নাটকীয় ঘটনা।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্রায়ান ব্রোবির অ্যাক্রোবেটিক ভলিতে সমতায় ফেরে সান্ডারল্যান্ড। সমতাসূচক এই গোলের পর মাঠ ও গ্যালারিতে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এই ম্যাচে কৌশলগত দিকেও চমক দেখিয়েছে সান্ডারল্যান্ড। আর্সেনালের লম্বা থ্রো-ইন রুখতে মাঠের বিজ্ঞাপন বোর্ডগুলো স্বাভাবিকের তুলনায় আরও কাছে এনে দেওয়া হয়, যাতে থ্রো নেওয়ার জায়গা কমে যায়।

ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন সাবেক আর্সেনাল মিডফিল্ডার গ্রানিত জাকা। ব্যালার্ডও দেখিয়েছেন দারুণ লড়াকু মানসিকতা। নিজে যেমন গোলও করেছেন, পাশাপাশি শেষ মুহূর্তে আর্সেনালের নিশ্চিত সুযোগ ঠেকিয়েও দিয়েছেন। এই ড্রয়ে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সান্ডারল্যান্ডের উন্নতি ঘটল। অন্যদিকে শীর্ষে থাকলেও ব্যবধান বাড়ানোর সুযোগ হারাল আর্সেনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত