মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে নৌকাডুবিতে নিখোঁজ শতাধিক

থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে একটি নৌকা ডুবে শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে, জানিয়েছে মালয়েশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষ। এ ঘটনায় ১০ জন বেঁচে ফিরেছেন এবং এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে। 

মালয়েশিয়ার কেদাহ ও পার্লিসের উত্তরাঞ্চলের সামুদ্রিক কর্তৃপক্ষের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রোমলি মুস্তাফা জানিয়েছেন, প্রায় ৩০০ জন যাত্রী নিয়ে নৌকাটি মায়ানমারের বুথিডাং থেকে যাত্রা শুরু করেছিল। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন মায়ানমারের নাগরিক, দুই রোহিঙ্গা পুরুষ এবং একজন বাংলাদেশি, এবং মৃতদেহটি রোহিঙ্গা নারীর বলে জানা গেছে।

মালয়েশিয়াগামী এই যাত্রীরা প্রথমে একটি বড় নৌকায় উঠেছিলেন। তবে সীমান্তের কাছে আসার পর তাদের তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত করা হয়, যার প্রতিটি নৌকায় প্রায় ১০০ জন করে যাত্রী ছিল, যাতে কর্তৃপক্ষের নজর এড়ানো যায়, জানিয়েছেন মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পুলিশ প্রধান আদজলি আবু শাহ।

অন্য দুই নৌকার অবস্থান এখনও অজানা, এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।