‘কোহলির পাশে শচীন ছিল, বাবরের পাশে কে ছিল?’

ভারতের ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলির সঙ্গে মাঝেমধ্যেই বাবর আজমের তুলনা করা হতো। অনেকদিন ধরে বাবর আজম ফর্মে না থাকায় সেই তুলনা হয় না। হুট করেই আবারও কোহলি-বাবর প্রসঙ্গ ফেরালেন পাকিস্তানের ক্রিকেটার আজম খান। তার মতে, কোহলি বেড়ে ওঠার সময় যে ভারতীয় ক্রিকেটে বড় মাপের ব্যাটারদের সামনে পেয়েছেন, বাবর সেটা পাননি।

পাকিস্তানের ক্রিকেট একটা সময় পেসারদের জন্য বিখ্যাত ছিল। ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিন, শোয়েব আখতারদের মতো বিখ্যাত সব পেসার উঠে এসছেন পাকিস্তান থেকে। আজম খানের দাবি- এর বিপরীতে সেই পর্যায়ের ব্যাটসম্যান ছিলেন না, যাদের বাবর আজম আদর্শ ধরে এগোতে পারেন। অন্যদিকে বিরাট কোহলি পাশে পেয়েছেন শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিদের।

স্থানীয় এক টিভি চ্যানেলে আজম বলেন, ‘পাকিস্তান ক্রিকেট ফাস্ট বোলিংয়ের জন্য বিখ্যাত ছিল। কিন্তু এই মানুষটি (বাবর আজম) তার ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। ভারতের বিরাট কোহলির আশেপাশে শচীন টেন্ডুলকারের মতো একজন ছিলেন। এছাড়া ভিভিএস লক্ষ্মণ, শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র শেবাগ এবং এমএস ধোনিদের মতো কিংবদন্তিদের পাশে পেয়েছেন কোহলি। কিন্তু বাবরের সাথে কে ছিলেন? কেউ ছিলেন না!’

অনেকদিন ধরে ফর্মে না থাকায় বাবরকে নিয়ে নিরন্তর সমালোচনা হচ্ছে। আলোচনায় অংশ নেওয়া সাবেক ক্রিকেটার মহসিন খানও বাবরের ব্যাটিং প্রতিভার কথা স্বীকার করে সমর্থন চেয়েছেন, ‘বাবর কিন্তু খারাপ ব্যাটার নন। কিন্তু তার সাপোর্ট প্রয়োজন। টেস্টে বিরাট কোহলির পাশে ছিলেন চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে এবং কেএল রাহুলরা। ওয়ানডেতে, তার কাছে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান ছিলেন। একজন দুর্দান্ত খেলোয়াড় যখন অন্যান্য শক্তিশালী খেলোয়াড়দের দ্বারা বেষ্টিত থাকে তখন আরও বড় হয়ে ওঠে।’

বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের ওপর রানের জন্য ক্রমাগত চাপ দেওয়ারও সমালোচনা করেন মহসিন, ‘যদি আপনার ওপর চাপ থাকে যে প্রতিবার মাঠে নেমেই সেঞ্চুরি করতে হবে- তাহলে তো সমস্যা। তারাও তো মানুষ। দল যেটা চায় সেটা সবসময় করা সম্ভব না। আমাদের সময়ে, মাজিদ খান, জাভেদ মিঁয়াদাদ, জহির আব্বাস এবং পরবর্তীতে সাঈদ আনোয়ার, ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ এবং ইউনিস খান ছিলেন। বাবর তো তেমন কাউকে পাশেই পায়নি।’