স্বরাষ্ট্র ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চান শিক্ষকরা

স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের দ্বিতীয় দিন এবং কর্মবিরতির প্রথম দিন শিক্ষকদের পক্ষ থেকে এই দাবি করা হয়। আন্দোলনকারী শিক্ষকদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দফা দাবি বাস্তবায়ন না করা, শাহবাগে নিরীহ শিক্ষকদের ওপর অতর্কিত হামলা, রাবার বুলেট, জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে শত শত শিক্ষককে আহত করার দায় হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করছেন সারা দেশ থেকে আসা সহকারী শিক্ষকরা। তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের কথা জানান তারা

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো- ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি।