স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। তাদের অভিযোগ, শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন।
আজ (বুধবার) সচিবালয়ে স্মারকলিপি দেয়ার সময় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না করতে পারায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সংগঠনের পক্ষ থেকে আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।
চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান অভিযোগ করেন, “আজ আমাদের লক্ষ্য ছিল শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি পৌঁছে দাবি তুলে ধরা। কিন্তু পদযাত্রা শুরু করার পর আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়তে হয়। পরে পুলিশ সহযোগিতায় ১৫ সদস্যের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করেছে।”
তিনি আরও বলেন, “আমরা ভেবেছিলাম অন্তত সৌজন্যমূলক আচরণ পাব। কিন্তু দেখা হয়নি, বরং অসম্মানজনক আচরণ করা হয়েছে। এটি শুধু শিক্ষকদের নয়, পুরো শিক্ষক সমাজের প্রতি অবমাননা।”
এ ছাড়া, শিক্ষকরা দাবি করেছেন চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এমপিওভুক্তির জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত এক হাজার আটান্নটি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন করা জরুরি।
