গাজীপুরের শ্রীপুরে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা কৌশলে পালিয়ে গেছেন। এ সময় অপর যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আনসার রোড এলাকায় এই ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মনির হোসেন (৩৫)। তিনি গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। অপর গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৪০)। তিনি গাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে নয়টর দিকে ধনুয়া কাঁচারিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেনকে আটক করে পুলিশ। একই সময় যুবলীগ নেতা আমিনুলকেও আটক করা হয়। এ সময় দুজনকে থানায় পথে কৌশলে মনির হোসেন পালিয়ে যান। পরে রাতেই তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, আগে মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এর কিছুক্ষণ পর আমিনুলকেও গ্রেপ্তার করা হয়। পরে ধনুয়া কাঁচারিবাড়ি মোড় এলাকায় মানুষের জটলা হলে পুলিশ দুজনকে সঙ্গে নিয়ে কথা বলছিলেন। এরই মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতে হাতকড়াসহ কৌশলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন পালিয়ে যান।
শ্রীপুর মডেল থানার এসআই আবুল বাশার জানান, তাদের নামে মামলা আছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। অভিযানে স্বেচ্ছাসেবক ও যুবলীগের দুজনকে গ্রেপ্তার ককে থানায় নিয়ে আসা হচ্ছিল। পরে একজন পুলিশে কাছ থেকে পালিয়ে গেছে। তবে হাতকড়া নিয়ে পালানোর প্রশ্নে তিনি বিষয়টি এড়িয়ে যান।
শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম বলেন, একজন আসামি পালিয়ে গেছে পুলিশ হেফাজত থেকে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার অপরজনকে আদালতে পাঠানো হয়েছে। সুনির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে যায়।