রাজনৈতিক মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাহবুল হক ভূঁইয়া (৫২) নামের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার রতনপুর এলাকার বারোপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুল হক ভূঁইয়া নাঙ্গলকোট উপজেলার কালাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি আদ্রা দক্ষিণ ইউনিয়নের শাকতলী গ্রামের ভূঁইয়া বাড়ির বাসিন্দা।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ৫ আগস্টের পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা হয়। জামিনে থেকে তিনি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন। রবিবারও সেই মামলার হাজিরা দিতে কুমিল্লায় যাচ্ছিলেন তিনি। পথে রতনপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আদেল আকবর বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে প্রধান শিক্ষক মাহবুল হক ভূঁইয়া গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই সিএনজিচালক পালিয়ে যায়। নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।