সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে চার ছক্কা হাকিয়েছিলেন ওপেনার হাবিবুর রহমান সোহান। ফাইনালে হংকংয়ের বিপক্ষে ৭ ছক্কা হাকালেন অধিনায়ক আকবর আলি। সেমিফাইনালে জিতলেও ফাইনাল জেতা হয়নি বাংলাদেশের। হংকংয়ের কাছে হেরে নাটকীয় ভাবে ১ উইকেটে হেরে হংকং সিক্সেসের প্লেটে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।
সকালে হংকংয়ের হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে সোহানের ১৩ বলে ৮ ছক্কায় ৫৪ ও মোসাদ্দেক হোসেন সৈকতের ৮ বলে ২৭ রানে ১২৮ রান তুলেছিল বাংলাদেশ। পরে জিশান আলম ও আবু হায়দার রনির ২ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে ১০৩ রানে বেধে ফাইনালে ওঠে বাংলাদেশ।
ফাইনালে আগে ব্যাট করে ৫ উইকেটে ১২০ রান করে আকবর আলিরা। জিশান ৭ বলে ২৭ (৩ ছক্কা, ২ বাউন্ডারি), আকবর আলি ১৩ বলে ৭ ছক্কা ও ১ বাউন্ডারিতে ৫১ এবং রনি ৮ বলে ৪ ছক্কা এক বাউন্ডারিতে ২৮ রান করেন।
রান তাড়ায় হংকংকে একাই টেনেছেন আইজাজ খান। শেষ ওভারে আকবরকে পাঁচ ছক্কা মারা এই ব্যাটসম্যান ২১ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন। ছক্কা মেরেছেন ১১টি, চার ৪টি। তার ১১ ছক্কার ৫টি তিনি মেরেছেন আকবর আলির করা শেষ ওভারে। ওই ৩০ রান দরকার ছিল হংকংয়ের। প্রথম দুই বলে ছক্কা খাওয়ার পর আকবর দুটি বল ওয়াইড করেন। শেষ ৩ বলে দরকার ছিল ১৭ রান। তিনটি বলেই ছক্কা মেরে নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেন আইজাজ।
১২ দলের টুর্নামেন্টে শেষ দিনে মোট তিনটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বের খেলায় তৃতীয় হওয়া চার দল খেলেছে বোল পর্বে। আরব আমিরাত, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে হওয়া এই পর্বে বোল ফাইনাল জিতেছে শ্রীলঙ্কা, রানার্সআপ সংযুক্ত আরব আমিরাত।
আর পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কুয়েতের মধ্যকার মূলপ্রতিযোগিতা কাপ পর্বে ফাইনালে উঠেছিল পাকিস্তান ও কুয়েত। ৪৩ রানে কুয়েতকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।
