লিভারপুলকে তিন গোলে হারিয়ে গার্দিওলার ১০০০তম ম্যাচ উদযাপন সিটির

ম্যানচেস্টার সিটি তাদের ঐতিহাসিক এক রাত উদযাপন করল দুর্দান্ত জয় দিয়ে। পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের ১০০০তম ম্যাচে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ফের শিরোপা লড়াইয়ের বার্তা দিয়েছে সিটিজেনরা।

এই জয়ে সিটির নায়ক ছিলেন বেলজিয়ান উইঙ্গার জেরেমি ডোকু। তাঁর চোখধাঁধানো ড্রিবলিং, গতি ও নিখুঁত ফিনিশিংয়ে লিভারপুলের রক্ষণভাগ পুরো ম্যাচজুড়ে দিশেহারা ছিল। ম্যাচে একটি গোল করার পাশাপাশি ডোকু জিতেছেন ম্যাচসেরার পুরস্কার—যা বিশ্লেষক গ্যারি নেভিল ৬২ মিনিটের মাথায় ঘোষণা করেন। নিজের ভাষায়, “আমি এত তাড়াতাড়ি কখনো ম্যান অব দ্য ম্যাচ দিইনি। কিন্তু ডোকুর পারফরম্যান্স আজ অসাধারণ ছিল।”

সিটির হয়ে গোল করেন এরলিং হালান্ড, নিকো গনসালেসজেরেমি ডোকু

  • ২৯ মিনিটে হালান্ড হেডে দলকে এগিয়ে নেন।
  • বিরতির আগ মুহূর্তে গনসালেসের শটে লিড হয় ২-০।
  • ৬৩ মিনিটে ডোকুর দুরন্ত কার্লিং শটে ব্যবধান দাঁড়ায় ৩-০।

এ জয় লিগ টেবিলে সিটিকে দ্বিতীয় স্থানে তুলেছে, শীর্ষে থাকা আর্সেনালের থেকে মাত্র চার পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের মৌসুমের শুরুটা এবার বেশ অনিশ্চিতই বলা যায়। টানা হারের পর জয়ে ফিরে সেদিন রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল। কিন্তু লিগে আবার হারলো তারা।

সিটির সমর্থকরা এখন বলছেন—“ডোকু পৃথিবীর সেরা উইঙ্গার!”
কেউ কেউ এমনও মন্তব্য করেছেন, “এই ফর্মে ডোকু ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য।”

২৩ বছর বয়সী ডোকু ২০২৩ সালে ফ্রান্সের রেন ক্লাব থেকে যোগ দিয়েছিলেন সিটিতে ৫৫.৫ মিলিয়ন পাউন্ডে। ইনজুরির কারণে গত মৌসুমে ভুগলেও এ বছর তিনি পুরোপুরি ফিট, আর গার্দিওলার দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন।