'আমার কাছে মনে হয়েছে ব্যক্তি শান্তর চেয়ে দল গুরুত্বপূর্ণ। তাই অধিনায়কত্বে ফিরে এসেছি।'
আয়ারল্যান্ডের সংগে টেস্টের আগে সিলেটে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত।
জুনে কলম্বো টেস্টের পর টেস্টের অধিনায়কত্ব ছাড়েন শান্ত। এর আগে হঠাৎ করে ওয়ানডের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দিয়েছিল বিসিবি। টেস্টের অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে জানিয়েছিলেন, দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপর আর কোনো টেস্ট না থাকায় এতোদিন টেস্ট অধিনায়কের পদ খালিই ছিল।
কিন্তু কাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। জুনে টেস্টের নেতৃত্ব ছেড়ে দেয়া শান্ত দায়িত্ব ফিরে পেয়েছেন মাঝে দল কোনো টেস্ট খেলার আগেই। দ্বিতীয় দফায় দলের অধিনায়কত্ব কাঁধে নেয়ার বিষয়টি খোলাসা করেছেন শান্ত।
শান্ত বলেন, 'তিন ফরম্যাটে আলাদা ক্যাপ্টেন থাকায় আমি সরে গিয়েছিলাম। কিন্তু এখন বোর্ডের সঙ্গে আলোচনায় আমি ক্লিয়ার এবং কনভিন্সড। আশা করবো কোন সমস্যা হবে না। হলে বোর্ড আমার পাশে থাকবে।'
বলেন, 'ক্রিকেট বোর্ডের সঙ্গে সুন্দর আলাপ হয়েছে আমার। তো এই এই জিনিসগুলো যদি আসে, তারা পাশে থাকবেন, এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, বাকি যে দুই অধিনায়ক আছে, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আমরা একসঙ্গে বসে আলোচনা করেছি যে, দলটাকে কীভাবে আমরা এগিয়য়ে নিয়ে যেতে পারি, কী কী জায়গায় আমাদের উন্নতি দরকার আছে।'