ধর্মেন্দ্রর বার বার মৃত্যুর গুজবে চটেছেন হেমা-এষা

বলিউড অভিনেতা ধর্মেন্দ্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন পাঞ্জাবের মানসপুত্র। সোমবার (১০ নভেম্বর) রাতে সালমান খান থেকে শুরু করে শাহরুখ খান, আরিয়ান খান এক এক করে হাসপাতালে আসেন বর্ষীয়ান অভিনেতাকে দেখতে। অন্যদিকে তার বাড়ির সামনে বসানো হয় ব্যারিকেড। এরপরই রটতে থাকে তার মৃত্যুর খবর। 

রাত পোহাতেই আজ মঙ্গলবার ( ১১ নভেম্বর) আরও একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ফের রটে যায় ধর্মেন্দ্রর মৃত্যুর খবর।  বার বার এই ঘটনায় ক্ষুব্ধ অভিনেতার বাড়ির লোকজন। হেমা মালিনী এদিন ক্ষোভ প্রকাশ করে এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন, 'যেটা ঘটছে যে ক্ষমার অযোগ্য। সংবাদমাধ্যম কীভাবে এভাবে মিথ্যা খবর ছড়াতে পারে তাও এমন একজনকে নিয়ে যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ। পরিবারকে সম্মান দিন। আমাদের প্রাইভেসি দিন।' 

কেবল ড্রিমগার্ল নন হেমাই নন, পুরো ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন তার মেয়ে এষা দেওলও। তিনি ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে লেখেন, 'সংবাদমাধ্যম বেশি তৎপর হয়ে উঠেছে, ভুল খবর ছড়াচ্ছে। আমার বাবা স্থিতিশীল রয়েছেন, সেরে উঠছেন ধীরে ধীরে। আমরা সবাইকে অনুরোধ করছি আমাদের পরিবারকে এই সময় প্রাইভেসি দেওয়ার জন্য। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ। বাবা সেরে উঠছেন।'