মাইক্রোবাসের ধাক্কায় আগুন, দগ্ধ হয়ে প্রাণ গেল যাত্রীর

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন সিএনজি যাত্রী আগুনে পুড়ে মারা গেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূঞাপুরগামী একটি মাইক্রো বাস পিছন দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ভেতরে থাকা এক যাত্রী আগুনে পুড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের টিম লিডার আমজাদ হোসেন জানান, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি এবং পুড়ে যাওয়া অজ্ঞাত মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করি।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই আমিনুল ইসলাম খান বলেন, মরদেহ সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় কোনও চিহ্ন অবশিষ্ট নেই। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।