সিলেট টেস্ট: ৫ বোলার নিলেন ৮ উইকেট, আয়ারল্যান্ড ৯০ ওভারে ২৭০

সিলেটে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশের ৫ বোলার মিলে নিয়েছেন ৮ উইকেট। বিনিময়ে আয়ারল্যান্ড রান তুলেছে ৯০ ওভারে ২৭০। 

দিনের প্রথম ওভারের মতো শেষ ওভারেও উইকেট নিয়েছে বাংলাদেশ। ২২২ রানে ৭ উইকেট হারানোর পর ব্যারি ম্যাকার্থিকে নিয়ে ৪৮ রান যোগ করা জর্ডান নীলকে ৩০ রানে ফিরিয়েছেন তাইজুল ইসলাম দিনের একেবারে শেষ বলে। সকালে ক্যাচ নিতে গিয়ে হাতে আঘাত পাওয়া তাইজুল ২১ ওভার বল করে ৭২ রান দিয়ে ওই একটি উইকেটই পেয়েছেন। 

বাংলাদেশের সফলতম বোলার মেহেদী হাসান মিরাজ ২৩ ওভারে ৫০ রান দিয়ে নিয়েছেন কেড কারমাইকেল (৫৯), হেরে ট্যাক্টর (১) ও অ্যান্ডি ম্যাকব্রাইনের (৫) উইকেট। 

‎সকালে টস জয়ী বাংলাদেশ প্রথম আঘাতে হানে প্রথম ওভারেই। হাসান মাহমুদ আউট করেন অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে। এরপর তিন ক্যাচ ড্রপের সুযোগে ৯৫ রানের জুটি গড়ে তোলেন পল স্টার্লিং ও কারমাইকেল। লাঞ্চের পর ৬০ রান করা স্টার্লিংকে আউট করে জুটি ভাঙেন নাহিদ রানা। এরপর ক্যাম্ফার (৪৪) ও টাকার (৪১) ২০৩ রান পর্যন্ত নিয়ে যান দলকে। তারপরই হাসান মুরাদের তিন ওভারের মধ্যে দুই উইকেট মিনি ধস নামায় আইরিশ ব্যাটিং লাইনে। 

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ৯০ ওভারে ২৭০/৮ (পল স্টার্লিং ৬০, কেড কারমাইকেল ৫৯, কার্টিস ক্যাম্ফার ৪৪, লোরকান টাকার ৪১, জর্ডান নীর ৩০; হাসান মাহমুদ ১২-৪-৩২-১, নাহিদ রানা ১৪-০-৬৫-১, তাইজুল ২১-৬-৭২-১, হাসান মুরাদ ২০-৫-৪৭-২, মেহেদী হাসান মিরাজ ২৩-৬-৫০-৩।