৩৮ বছর বয়সী লিওনেল মেসি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমি সেখানে (২০২৬ বিশ্বকাপে) থাকতে চাই।' অন্যদিকে ৪০ বছর বয়সী রোনালদোও এর আগেই জানিয়েছেন, তিনি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে চান।
প্রশ্ন হচ্ছে- মেসি কি আরেকবার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবেন? নাকি রোনালদো প্রথমবার জিতবেন বিশ্বকাপ? ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ফাইনালে তোলা এবং ইন্টার মিলানের হয়ে ত্রিমুকুট জেতা ওয়েসলি স্নাইডারের বিশ্লেষণ, রোনালদোর পর্তুগালেরই সম্ভাবনা বেশি।
এক সাক্ষাৎকারে স্নাইডার বলেছেন, 'আমার মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের দল এখন খুবই শক্তিশালী। আর্জেন্টিনা কাতারে দারুণ করেছে, কিন্তু কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছিল। সব মিলিয়ে আমি মনে করি পর্তুগালই ভালো দল, তাই রোনালদোর সুযোগ বেশি।'
কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়। তবে সেই জয়ে কিছুটা ভাগ্যের ছোঁয়া ছিল বলে মনে করেন স্নাইডার, 'কাতারে আর্জেন্টিনা দুর্দান্ত ছিল, কিন্তু কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছে। আমার মতে, পর্তুগাল এখন সামগ্রিকভাবে শক্তিশালী দল।'
রোনালদো সম্প্রতি দাবি করেছিলেন, তিনি মেসির চেয়ে ভালো খেলোয়াড়। এ প্রসঙ্গে স্নাইডার বলেন, 'এই তুলনা সব সময়ই অর্থহীন। তারা দুইজন ভিন্ন ধরণের খেলোয়াড়। যেমন ক্রুইফ আর পেলেকে তুলনা করা যায় না। দুজনেই অসাধারণ।”
হাসতে হাসতে স্নাইডার যোগ করেন, 'অবসর নেওয়ার পর থেকে আমাকে প্রায় ২০০ বার এই প্রশ্ন করা হয়েছে। আমি ১০০ বার মেসির নাম বলেছি, আর ১০০ বার রোনালদোর!'
স্নাইডারের বিশ্বাস, মেসি-রোনালদো প্রতিযোগিতা এখানেই শেষ নয়, 'আমি নিশ্চিত, তারা দুজনেই এখন ১,০০০ গোলের লক্ষ্য নিয়েই এগোচ্ছে। রোনালদো থামবে না, আর মেসিও তার চুক্তি নবায়ন করেছে। তাদের এই প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের ইতিহাসে অনন্য।'
২০১৯ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান স্নাইডার। তবে প্রশ্ন করা হয়েছিল—আজকের দিনে তিনি খেললে, রোনালদোর মতো সৌদি প্রো লিগে না কি মেসির মতো এমএলএসে যোগ দিতেন?
উত্তরে স্নাইডার বলেন, 'আমি দুটি জায়গাতেই যেতাম। নতুন অভিজ্ঞতা আমার ভালো লাগে। কিন্তু কাতারে তো খেলেছি, তাই এবার বেছে নিতাম এমএলএস। আমার ছেলে থাকে লস অ্যাঞ্জেলেসে, তাই ওখানকার কোনো দলে খেলাই আমার জন্য সহজ হতো।'
সিলেট টেস্ট: প্রথম ওভারে উইকেট নিয়ে তিনটি ক্যাচ ছাড়ল বাংলাদেশ
বাংলাদেশের হয়ে খেলা 'এখনো অবাস্তব' লাগে হামজার