হলুদ জ্বরের টিকা দেননি বলে অ্যাঙ্গোলার বিপক্ষে যাদেরকে পাচ্ছে না আর্জেন্টিনা

আফ্রিকা সফরে গিয়ে টিকার ঝামেলায় পড়েছেন আর্জেন্টিনার তিন তারকা ফুটবলার। আতলেতিকো মাদ্রিদের জুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমিওনে শুক্রবার অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না। কারণ, তারা সময়মতো হলুদ জ্বরের টিকার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেননি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, “অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য ইয়েলো ফিভারের টিকা বাধ্যতামূলক। কিন্তু এই তিন খেলোয়াড় সময়মতো প্রয়োজনীয় স্বাস্থ্যপ্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় তারা সফরে যোগ দিতে পারছেন না।”

হলুদ জ্বর একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ, যা আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে সাধারণত দেখা যায়।

আতলেতিকো থেকে থিয়াগো আলমাদা ও নিকোলাস গনজালেসকে এই ম্যাচের জন্য দলে ডেকেছেন কোচ লিওনেল স্কালোনি।

ডান হাঁটুতে চোটের কারণে এই ম্যাচে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকেও পাচ্ছেন না স্কালোনি। শেষ মুহূর্তে তিন নতুন খেলোয়াড়কে দলে টেনেছেন তিনি। বেলজিয়ান লিগের ইউনিয়ন এসজির ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিস্টার, লিগামেন্টের চোট থেকে ফেরা ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ এবং অ্যাস্টন ভিলার (লেভারকুজেনে ধারে খেলছেন) অ্যাটাকিং মিডফিল্ডার এমিলিও বুয়েন্দিয়াকে যুক্ত করেছেন আর্জেন্টিনা কোচ।

অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৪ নভেম্বর লুয়ান্ডায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্বাগতিকেরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। স্পোর্টস নিউজ আফ্রিকা জানিয়েছে, এই ম্যাচ আয়োজনের জন্য অ্যাঙ্গোলা সরকার এএফএকে দিচ্ছে প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা।