ঘরের মাঠে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে চরম বিপর্যয় নেমে এসেছে। স্বাগতিক তীরন্দাজরা একের পর এক হতাশা উপহার দিয়েছেন মঙ্গলবার। পদকের আশা নিমিষে শেষ হয়েছে একের পর এক হারে। ব্যতিক্রম কেবল কুলসুম আক্তার মনি। মেয়েদের কম্পাউন্ড একক ইভেন্টে সেমিফাইনালে পৌঁছে তিনিই একমাত্র জিইয়ে রেখেছেন পদকের আশা।
২০২১ সালে স্বাগতিক বাংলাদেশ জিতেছিল তিনটি পদক। যার একটি রুপা ও দুটি ব্রোঞ্জ। দুই বছর পর থাইল্যান্ড থেকে বাংলাদেশি তীরন্দাজদের ফিরতে হয় শূন্য হাতে। ফের এশিয়ার সর্বোচ্চ আসরের আয়োজক হওয়ায় চার বছর আগের সাফল্যের পুনরাবৃত্তির আশা ছিল বাংলাদেশের। তবে এক নারী কম্পাউন্ড ছাড়া বাকি সব একক ইভেন্ট থেকে মিলেছে দুঃসংবাদ। ঠাকুরগাঁওয়ের মেয়ে মনি বাই পেয়ে শেষ বত্রিশে উঠেছিলেন। সেখানে তিনি ইরানের ফাতিমা বাঘেরিকে ১৪৫-১৪৩ পয়েন্টে হারিয়ে দেন। এরপর ভারতের দ্বীপশিখার বিপক্ষে জেতেন ১৪২-১৪০ পয়েন্টে। কোয়ার্টার-ফাইনালে কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানাকে ১৪৬-১৪৪ পয়েন্টে হারিয়ে শেষ চারে নাম লেখান। বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের প্রদীপ প্রিথিকার মুখোমুখি হবেন মনি। বিকেএসপিতে দশম শ্রেণিতে পড়া মনি বলেন, ‘আমি একাই টিকে আছি বলে কোনো চাপ অনুভব করছি না। এতদিন আমরা পরিশ্রম করেছি একটা কিছু পাওয়ার জন্য। তাই সেমিফাইনালেও আমি নিজের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করব।’