বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, একটি দল ৫ আগস্টের পর ফ্যাসিবাদকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছে। তাদের সঙ্গে আওয়ামী লীগের গভীর যোগাযোগ রয়েছে। নির্বাচন বিলম্বিত হওয়ায় ওৎ পেতে থাকা স্বৈরাচার উত্থানের আওয়াজ শোনা যাচ্ছে।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচারের টাকার অভাব নেই। সব টাকা তো পাচার হয়নি। সেই টাকা দিয়ে বোমা বানানো তাদের কাছে কঠিন বিষয় নয়। দুই-একটি মিডিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খবর ফলাও করে প্রচার করছে।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, সরকারের ভেতরে দুর্বলতা আছে বলেই তারা আসল শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পেছনে লেগে আছে। এটি সরকারের পরিচালনার দুর্বলতাকেই নির্দেশ করে।
তিনি আরও বলেন, প্রতিদিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা যাচ্ছে। এখনও বাজারে সিন্ডিকেট সক্রিয় রয়েছে। পণ্যের দামও খুব একটা কমেনি। এ সময় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রাজত্ব চালু থাকলে গণতন্ত্র কায়েম করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।