আমদানিকারকের ৩৬ লাখ টাকাসহ গাড়ি নিয়ে উধাও চালক

চট্টগ্রাম নগরে এক আমদানিকারকের গাড়ি চালক নগদ ৩৬ লাখ টাকাসহ গাড়ি নিয়ে উধাও হয়ে গেছে। বুধবার সকাল দশটার দিকে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এ ঘটনায় ঘটে। এ ঘটনায় নগরের ডবলমুরিং থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন মো. বাবুল আজাদ। গাড়িসহ ৩৬ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া চালকের নাম মো. নুরুন নবী। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট ৩ নম্বর ওয়ার্ড এলাকার কবীর আহমদের ছেলে।

জানা গেছে, ভুক্তভোগী আমদনিকারকের নাম মো. এরশাদ। তিনি থাকেন নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পাশে শ্যামল ছায়া আবাসিক মোজাফফর নগরে। ভুক্তভোগীর ভাতিজা মিনহাজ উদ্দীন জানান, তার চাচা মো. এরশাদ একজন আমদানিকারক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে গাড়ির যন্ত্রাংশ আমদানি করেন তিনি।

বুধবার সকাল ১০টায় ব্যবসায়িক লেনদেনের উদ্দেশ্যে নিজের গাড়ি চালক (চট্টমেট্রো-ঘ-১১-৬২৬০, সাদা রঙের করোলা ক্রস) মো. নুরুন নবীকে নিয়ে আগ্রবাদ বাণিজ্যিক এলাকার একটি ব্যাংকে যান। ওই ব্যাংক থেকে নগদ ৩৬ লাখ টাকা উত্তেলন করেন। এরপর তিনি আরও কিছু টাকা উত্তেলনের জন্য যান একই এলাকার এনআরবিসি ব্যাংকে। গাড়িতে টাকা রেখে তিনি ঢুকেন ব্যাংকে। এ সময় গাড়িতে বসা অবস্থায় ছিলেন চালক মো. নুরুন নবী। এনআরবিসি ব্যাংক থেকে টাকা তুলে ব্যাংক ভবনের নিচে এসে দেখেন গাড়িসহ টাকা নিয়ে উধাও চালক নুর নবী। এ সময় তার মোবাইলে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পান ব্যবসায়ী মো. এরশাদ। 

এ প্রসঙ্গে ডবলমুরিং থানার ওসি মো. বাবুল আজাদ বলেন, ‘এক ব্যবসায়ীর ৩৬ লাখ টাকাসহ গাড়ি নিয়ে চালক উধাও হয়ে যাওয়ার ঘটনায় তার (গাড়ি চালক) বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত মো. নুরুন নবীকে ধরতে অভিযান শুরু করেছে।’