ফেনীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে। বাসটি ফেনী-চট্টগ্রামে রোডে চলাচল করে। বুধবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতিদিন সন্ধ্যায় মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে এলাকায় মহাসড়কের পাশে গাড়িগুলো পার্কিং করে চালকরা বাড়িতে চলে যান। রাত ১০টার দিকে হঠাৎ কে বা কারা রনি-রানা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন ও স্থানীয়দের চেষ্টায় আগুন নেভানো হয়। 

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়েছে। আগুনে বাসের ভেতরে সামনের অংশ পুড়ে গেছে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান  বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এটি নাশকতার অংশ কিনা খতিয়ে দেখা হচ্ছে।