অবশেষে নেইমারের পাশেই দাঁড়াল তার ক্লাব সান্তোস। ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ৩-২ গোলে পরাজয়ের পর নেইমারের আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। ম্যাচ চলাকালীন ও পরবর্তী সময়ে তার আচরণ প্রশ্নবিদ্ধ হয়। বেঞ্চে বসে হতাশা প্রকাশ ও পরে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
ব্রাজিলের গণমাধ্যম সাবেক পিএসজি ও বার্সেলোনা তারকা নেইমারের পারফরম্যান্সকে ‘মন্থর’ এবং ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে। সান্তোস বর্তমানে অবনমন এড়াতে লড়াই করছে, এমন অবস্থায় নেইমারের এই আচরণকে কোচিং স্টাফ ও সতীর্থদের বিরক্তির কারণ। অনেকের ধারণা, দলের ভেতরে নেইমারের প্রভাব কমে যাচ্ছে এবং এই অবস্থা চলতে থাকলে আগামী বিশ্বকাপেও তার খেলা হবে না।
এই বিতর্কের পর সান্তোসের ফুটবল পরিচালক আলেক্সান্দ্রে মাতোস নেইমারের পক্ষে এক আবেগঘন বার্তা প্রকাশ করেন। তার বক্তব্য হলো, ‘প্রতিভাবানদের নিয়ে লোকে প্রায়ই ভুল বোঝে। আসলে তারা সময়ের আগে ভাবে, আলাদা কিছু করে, ইতিহাস গড়ে। কিন্তু তারাও মানুষ—ভুল করে, হাসে, কাঁদে, জীবনের আঘাত সহ্য করে। নেইমারও তেমনই, এক প্রতিভা।’
অবশ্য ক্যারিয়ারের সূতিকাগার সান্তোসে ফিরে আসার পরও প্রত্যাশিত সাফল্য পাননি নেইমার। সেই চোট আর ফর্মহীনতা নিয়েই কাটাচ্ছেন সাবেক ক্লাবে। তবে মাতোস এক্ষেত্রেও তার পাশে দাঁড়িয়েছেন, ‘কঠিন সময়ই শক্ত মানুষ তৈরি করে। ভালো-মন্দ যাই আসুক, আমি তোমার পাশে আছি। যারা তোমাকে চেনে তারা তোমার হৃদয়, বিনয় ও মানবিকতা বোঝে। অনেকেই তোমাকে নিচে নামাতে চায়, কিন্তু তুমি বারবার উঠে দাঁড়াও। সবকিছু তোমাকে ঘিরেই বড় হয়, কিন্তু তুমি সবকিছুর চেয়েও বড়।’