ব্যাটারের দিকে বল ছুড়ে শাস্তি পেলেন নাহিদ রানা

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিনে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়াও তার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটে আয়ারল্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে। নাহিদ রানা একটি বল ফলো-থ্রু করতে গিয়ে তা অপ্রয়োজনীয়ভাবে প্রতিপক্ষ ব্যাটার কেড কারমাইকেলের দিকে ছুড়ে মারেন, যা লাগলো ব্যাটারের প্যাডে। যদিও কারমাইকেল তখন ক্রিজ ছাড়েননি। আইসিসি এই আচরণকে ‘অপ্রাসঙ্গিক ও বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করেছে।

মাঠের আম্পায়াররা—স্যাম নোগায়াস্কি, আহসান রাজা, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ—এই ঘটনা নিয়ে অভিযোগ তুলে ম্যাচ রেফারির কাছে পাঠান। এরপর এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নাহিদের শাস্তির প্রস্তাব দেন। নাহিদ নিজে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসি নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক সতর্কতা এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুই ডিমেরিট পয়েন্ট। কোনো খেলোয়াড়ের ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়, যা তাকে এক টেস্ট বা দুই ওয়ানডে/টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ করতে পারে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত