শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে সড়ত অবরোধ করে। এতে সকাল ৬টা থেকে ৮টায় পর্যন্ত পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। তবে বর্তমানে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। সকাল ৭টার দিকে তারা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেয় এবং সড়কের বিভিন্নস্থানে গাছেরগুড়ি ও টায়ারে জ্বালিয়ে বিক্ষোভ করে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পদ্মা সেতুর পশ্চিমে সড়কে অবস্থান নেন আন্দোলনকারিরা। পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয় এবং পুলিশের একটি পিক-আপ ভ্যান ভাঙচুর করে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পদ্মা সেতুর দক্ষিণ থানার পুলিশ থানার আশপাশে আটকে পড়া যানবাহন পদ্মা সেতু পারাপারে সহায়তা করেছে।