সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে বরেণ্য কথাশিল্পী হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন পালিত হয়েছে লেখকের জন্মস্থান নেত্রকোনায়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র হিমু রূপা সেজে স্থানীয় শহীদ মিনারে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি বের হয়। আনন্দ শোভাযাত্রায় হিমু রূপাদের পাশাপাশি অসংখ্য কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্ত অংশ নেন।
পরে জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা পরিচালক আলপনা বেগমের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, হুমায়ূন আহমেদ ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলা সাহিত্যের পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণ করে দেশের মানুষের হৃদয় মন জয় করেছেন। তার সাহিত্যকর্ম নতুন প্রজন্মের মধ্যে যুগযুগ ধরে মানবিকতা, কল্পনাশক্তি ও জীবনের সৌন্দর্য অনুধাবনের অনুপ্রেরণা জোগাবে। পরে গান নাচ ও আড্ডায় হুমায়ূন আহমেদকে স্মরণ করে মনেজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নেত্রকোনার গুণীদের স্মৃতি ধরে রাখতে গত ১৩ বছর ধরে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন করে আসছে হিমু পাঠক আড্ডার সদস্যরা।