ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও তা দখলে রাখার অভিযোগে কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ. লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল ইসলাম (৭১) ও তার স্ত্রী বানু ইসলামের (৬৫) বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া দুদক। বুধবার (১২ নভেম্বর) বিকেলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে মামলাটি করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. আব্দুল মান্নাফ জানান, ‘দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ পৃথক দুটি মামলা জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালতে দাখিল করেন।
পৃথক ওই দুই মামলার আসামিরা হলেন- কুষ্টিয়া শহরের হরিশঙ্করপুর এলাকার বাসিন্দা মৃত. আব্দুল গফুরের ছেলে কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ. লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হাজি রবিউল ইসলাম এবং তার স্ত্রী বানু ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বে শুরু থেকে ২০২১-২২ অর্থ বছর পর্যন্ত সময়কালের মধ্যে আ’লীগ নেতা হাজি রবিউল ইসলাম শীর্ষ রাজনৈতিক ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদের অপ্রতিদ্বন্দী ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ বিত্ত ও সম্পদ হাতিয়ে নেয়। রবিউল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে হাতিয়ে নেওয়া ও জ্ঞাত আয় বহির্ভূত সাকুল্যে মোট (১ কোটি ৯১ লক্ষ ৬১ হাজার ২ শত সত্তর টাকা) সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। একইভাবে রবিউল ইসলামের স্ত্রী বানু ইসলাম গৃহিনী হয়ে কেবলমাত্র স্বামীর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সাকুল (১ কোটি ৪২ লক্ষ ৮২ হাজার ত্রিশ টাকা)র সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন। অর্থাৎ পৃথক দুটি মামলার এজাহারে উল্লেখিত স্বামী-স্ত্রীর একসঙ্গে মোট অবৈধ সম্পদের পরিমাণ (৩ কোটি ৩৪ লক্ষ ৪৩ হাজার ২ শত ৪৭ টাকা)। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং দ. বি. ১০৯ ধারায় অপরাধ সংঘটিত হয়েছে বলে দুদকের তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে এজাহারকারী উল্লেখ করেছেন।