এশিয়ান আর্চারিতে ব্রোঞ্জ জিতলেন কুলসুম মনি

এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ডে আরেকটি সাফল্য পেল বাংলাদেশ। আর্মি স্টেডিয়ামে দুপুরে কম্পাউন্ড দ্বৈত ইভেন্টে ভারতের কাছে ১৫১-১৫৩ ব্যবধানে হেরে রুপা জেতেন বাংলাদেশের দুই আর্চার হিমু বাছাড় ও বন্যা আক্তার। বিকেলে এই ক্যাটাগরির নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার।

সেমিফাইনালে ভারতের পৃথিকা প্রদীপের কাছে ১৪৫–১৪৬ পয়েন্টে হেরে যান কুলসুম। এরপর ব্রোঞ্জের লড়াইয়ে চায়নিজ তাইপের চেন সির সঙ্গে দারুণ লড়াই করে ১৪৫–১৪৪ ব্যবধানে জিতে পদক নিশ্চিত করেন কুলসুম।

যদিও শুরুটা ভালো হয়নি কুলসুমের। প্রথম সেটেই ২৯–৩০ পয়েন্টে পিছিয়ে পড়েন। দ্বিতীয় ও তৃতীয় সেট ২৯–২৯ পয়েন্টে সমতা ছিল। চতুর্থ সেটে ২৯-২৮ পয়েন্টে আবার পিছিয়ে পড়েন। শেষ সেটে দাপট দেখিয়ে তিন পয়েন্টের ব্যবধান গড়েন কুলসুম। তাতেই জয় নিশ্চিত হয়।

এমন রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বসিত কুলসুম, ‘দিনের শেষটা খুব ভালো হয়েছে আমার। প্রথমে একটু নার্ভাস ছিলাম। ভেবেছিলাম হয়তো কিছুই পাব না। শেষ পর্যন্ত একটা পদক পেয়েছি। এটা সত্যি আনন্দের।’

আরচারির আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোয় বাংলাদেশের বেশির ভাগ পদকই এসেছে রিকার্ভ ইভেন্ট থেকে। ২০২১ আরচারি বিশ্বকাপে রোমান সানার রুপা জয়, অলিম্পিকে রোমান ও সাগরের অংশগ্রহণ সবই রিকার্ভে। কিন্তু এবার এশিয়ান আর্চারিতে কম্পাউন্ড দ্বৈতে রুপার পর কম্পাউন্ড নারী এককে এল ব্রোঞ্জপদক।'

২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আর্চারির ২২তম আসরে এক রুপা ও দুই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। ২০২৩ সালে ব্যাংককের এশিয়ান আরচারিতে কোনো পদক জেতেনি বাংলাদেশ। এবার জিতলো একটি রূপা-একটি ব্রোঞ্জ।