এশিয়া কাপ আর্চারি থেকে তৃতীয় স্বর্ণ সাফল্য এনে দিয়েছেন বন্যা আক্তার। ইরাকের সুলেইমানিয়াতে ওয়াল্ড স্টেজ টু-র মেয়েদের কম্পাউন্ড একক জিতেছেন তিনি। কিছুক্ষণ আগে অনুষ্ঠিত ফাইনালে কাজাখস্তানের তীরন্দাজকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১৪৫-১৪৩ পয়েন্টে হারিয়েছেন বন্যা।
ফাইনালের প্রথম সেটে ২৮-২৮ পয়েন্ট জেতেন দুই তীরন্দাজ। দ্বিতীয় সেটে এক পয়েন্ট বেশি স্কোর করে এগিয়ে যান বন্যা মিলানা বুরলেভার চেয়ে (২৯-২৮)। তৃতীয় সেটে আবার দুই প্রতিযোগী সমান সমান (২৯-২৯) পয়েন্ট জেতেন। চতুর্থ সেটেও তাই। পঞ্চম সেটে তিনটি শটেই পারফেক্ট টেন (১০-১০-১০) অর্জন করেন বন্যা। মিলানা পিছিয়ে থাকেন ২৯ পয়েন্ট স্কোর করে।
বন্যা জিতলেও রিকার্ভ এককের ফাইনাল জিততে পারেননি বাংলাদেশের বিস্ময় বালিকা সায়মা সালাউদ্দিন। ইরানের মবিনা ফাল্লাহর কাছে ৪-৬ সেটে হেরে যান তিনি। অথচ প্রথম দুটি সেট তিনিই জিতেছিলেন। তৃতীয় সেট থেকে পিছিয়ে পড়তে থাকেন সায়মা। চতুর্থ সেটে একটি শটে মাত্র ৩ পয়েন্ট স্কোর করেন তিনি। শেষপর্যন্ত আর ফিরে আসতে না পারায় রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ১৫ বছর বয়সী সায়মাকে।
বৃহস্পতিবার এর আগে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দল এই আসর থেকে দেশকে দ্বিতীয় স্বর্ণ পদক জিতে এনেছেন। ফাইনালে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে হারিয়ে গৌরবময় এই সাফল্য অর্জন করেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ, মোঃ সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি।
বুধবার দেশকে প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছিলেন বাংলাদেশ কম্পাউন্ড নারী দল।