রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন ডাবতলা এলাকায় রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (২৫) নিজ বাসায় ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। 

এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে হামলাকারী যুবককেও। আহত এই যুবকের নাম লিমন মিয়া। তার বাড়ি গায়পান্ধা জেলায় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এই বাড়িতেই হামলার ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ডাবতলা এলাকায় স্পার্ক ভিউ ভবনের ৫ম তলায় পরিবার নিয়ে বসবাস করতেন ঐ বিচারক। হামলাকারী যুবকও বিচারক পরিবারের পূর্ব পরিচতি ছিলেন। তিনি বিচারকের বাসায় প্রবেশ করে অতর্কিতভাবে হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। এ দিকে হামলাকারী যুবকও আহত অবস্থায় বর্তমানে রামেক হাসপাতালের একই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তার আহত হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার গাজিউর রহমান জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সেখানে দু পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, ঘটনাস্থলেই তদন্তকারী দল কাজ করছে। হত্যার কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার কারণেই এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, হামলাকারী লিমন মিয়া যেহেতু অজ্ঞান অবস্থায় আছে তাই এখনই কি কারণে এটি ঘটেছে সেটি বলা যাচ্ছে না। তবে আমরা তদন্ত করছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ কমিশনার জানান, পূর্বের ঘটনার জেরে সুমনের মা তাসমিন নাহার লুসী সিলেটের জালালাবাদ থানায় গত ৬ নভেম্বর লিমন মিয়ার বিরুদ্ধে একটি জিডি করেছিলেন। সেখানে তিনি নিরাপত্তা হীনতার কথা উল্লেখ করেছিলেন। সেই বিরোধের জেরে এই ঘটনাটি ঘটেছে কিনা সেটি তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ কমিশনার।