'বিগ থ্রি'-এর সঙ্গে বেশি টেস্ট খেলতে না পারার আক্ষেপ বাভুমার

অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারিয়ে টেস্ট ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে দক্ষিণ আফ্রিকা। তবুও ক্রিকেটের 'বিগ থ্রি'—ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার—সঙ্গে সীমিত সংখ্যক টেস্ট খেলার সুযোগ পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ভারতের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের সিরিজটিকেই তারা বড় খেলার সুযোগ হিসেবে দেখছেন।

শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এর প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাভুমা টেস্ট ক্রিকেটে খেলার সুযোগের অপ্রতুলতার বিষয়টি তুলে ধরেন।

ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট (২৬ ডিসেম্বর থেকে) আয়োজন না করে টি-টোয়েন্টি প্রতিযোগিতাকে প্রাধান্য দেওয়ায় দক্ষিণ আফ্রিকা এবার দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের এক বড় সুযোগ হারিয়েছে। এই প্রেক্ষাপটে বাভুমা জানান, ভারতের বিপক্ষে এই সিরিজটিই তাদের জন্য যেন 'উৎসবের মৌসুম', এই টেস্ট সিরিজটি আমাদের জন্য উৎসবের মৌসুমের মতো। তাই আমরা এর পুরো সদ্ব্যবহার করার চেষ্টা করব।"

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেও সেরা দলগুলোর বিপক্ষে সীমিত সংখ্যক ম্যাচের সুযোগ নিয়ে তাঁর আক্ষেপ ছিল স্পষ্ট। তিনি বলেন, 'আমরা ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে খেলতে ভালোবাসি। এই টেস্ট সাইকেলে আমরা সেই সুযোগ পাব। হয়তো দুটির বদলে তিনটি টেস্ট পেলে আরও ভালো লাগত। এটা দারুণ হতো। তবে এই মুহূর্তে আমরা যা পেয়েছি, তাতেই সন্তুষ্ট।"

গত জুনে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতা দক্ষিণ আফ্রিকার কাছে সাফল্যের চূড়ান্ত শিখর। বাভুমা স্বীকার করেছেন, সেই সাফল্যের চেয়ে বড় আর কিছু নেই। তবে দ্বিতীয় সর্বোচ্চ আকাঙ্ক্ষা হিসেবে তিনি ভারতে টেস্ট সিরিজ জয়কেই চিহ্নিত করেছেন। "অবশ্যই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার চেয়ে বড় আর কিছু নেই। তবে এর পরেই থাকবে ভারতে জেতা। এটা এমন কিছু যা আমরা দীর্ঘ সময় ধরে করতে পারিনি। তাই আকাঙ্ক্ষার দিক থেকে এটি অবশ্যই সবার উপরে।"

যদিও ভারতে দক্ষিণ আফ্রিকার রেকর্ড ভালো নয়। তারা শেষ দুটি সিরিজেই ৩-০ ব্যবধানে হেরেছে এবং ২০০০ সালের পর এখানে আর সিরিজ জিততে পারেনি। তবে সদ্য ইনজুরি থেকে ফেরা বাভুমা জানান, "ভারতে আসা কখনোই সহজ নয়। আমরা চ্যালেঞ্জের গুরুত্ব বুঝি। তবু এই দুই সপ্তাহে আমরা সেই ইতিহাস পাল্টাতে চাই।”

অন্যতম স্পিনার অক্ষর প্যাটেলের সঙ্গে ভারত অধিনায়ক

শুভমান গিলের নজর ফাস্ট বোলারদের দিকে: স্পিনাররাই শেষ কথা বলবেন

ম্যাচের প্রাক্কালে শুবমান গিল বলেন, যদিও সাধারণত স্পিনাররাই ঘরের মাঠে টেস্টে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন, তবুও ফাস্ট বোলাররা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বিশেষত কলকাতার ইডেনের পিচ প্রথম দুই দিনে ব্যাট করার জন্য ভালো হলেও, ভোরের শিশির এবং রিভার্স সুইংয়ের সম্ভাবনা ফাস্ট বোলারদের জন্য সুযোগ তৈরি করতে পারে।

গিল বলেন, "আমার মনে হয় সাধারণভাবে সকাল এবং সন্ধ্যায় ফাস্ট বোলাররা কিছুটা সাহায্য পায়। আমরা যখনই ভারতে খেলি, কমবেশি স্পিনাররাই ম্যাচের সিদ্ধান্ত নেন... আপনার স্পিন আক্রমণ যত ভালো হবে, আপনার ম্যাচ জেতার সম্ভাবনা তত বেশি হবে।" তিনি আরও যোগ করেন যে স্পিন-সহায়ক উইকেটেও ফাস্ট বোলাররা মাঝে মাঝে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এবং রিভার্স সুইং কাজে লাগাতে পারলে ফাস্ট বোলাররা সর্বদা খেলায় থাকেন।

গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ২-২ ড্র করা এবং সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জেতা অধিনায়ক গিল এই সিরিজকে চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। পাশাপাশি, তিন ফরম্যাটে খেলা নিয়ে মানসিক চ্যালেঞ্জের কথাও স্বীকার করেন তিনি।