জয়ের সুবাস নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম

ইনিংস ব্যবধানে জয়ের সুবাস নিয়েই সিলেট টেস্টের তৃতীয় দিনটা শেষ করল বাংলাদেশ। আইরিশদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছে মুরাদ-তাইজুল-রানারা। তৃতীয় দিন শেষে আয়ারল্যান্ডের স্কোর ৮৬/৫। ইনিংস হার এড়াতে আরও ২১৫ রান করতে হবে আয়ারল্যান্ডকে।

আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসের অর্ধেক রানই পল স্টার্লিংয়ের। দারুণ খেলতে থাকা ওপেনার রানআউট হয়েছেন দলকে ৬১ রানে রেখে।

সকালে ১৬৯ রান নিয়ে মাহমুদুল হাসান জয় এবং ৮০ রান নিয়ে মুমিনুল হক প্রথম ইনিংসের ব্যাটিং আবার শুরু করেছিলেন। কিন্তু দুজন অম্প সময়ের মধ্যেই আউট হয়ে যান। এরপর নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম ও লিটন দাসকে নিয়ে সাড়ে পাচশোর কাছে নিয়ে যান স্কোরকে। মিরপুরে শততম টেস্ট খেলার অপেক্ষায় থাকা মুশফিকুর রহিম নামের প্রতি সুবিচার করতে পারেননি। দেড় ঘণ্টায় ৫২ বলে ২৩ রান করেই আউট হয়ে যান পাচ উইকেট শিকারী হামফ্রিসের বলে। 

আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসের একটা মুহূর্ত। ছবি: দেশ রূপান্তর

শান্ত ও লিটন আগ্রাসী ব্যাট করে দ্রুত রান তুলেছেন। ৫৩ বলে ফিফটি করেছেন দুজন। তখন পর্যন্ত শান্তর ছিল ৯ বাউন্ডারি, আর লিটন ৭ বাউন্ডারি ছাড়াও মারেন একটি ছক্কা। লিটনের ফিফটিতে নতুন এক রেকর্ডের স্বাদ পায় বাংলাদেশ। টেস্টে এই প্রথম এক ইনিংসে বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানই ফিফটি পেলেন। 

ফিফটির পরপরই আউট হয়ে যান লিটন দাস আউট হয়ে গেলেও শান্ত তুলে নিয়েছেন তার অষ্টম টেস্ট সেঞ্চুরি। তিন অংকে পৌছাতে তার লেগেছে ১১২ বল, ১৪টি বাউন্ডারি। তবে সেঞ্চুরির পর তিনিও আউট হয়ে যান। শেষপর্যন্ত লিড তিনশো পেরোনোর পর বাংলাদেশ ইনিংস ঘোষণা করে। 

আয়ার‌ল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতেই আঘাত করেন নাহিদ রানা। অভিষিক্ত কেড কারমাইকেল, যিনি প্রথম ইনিংসে ৫৯ রান করেছিলেন, তাকে বোল্ড করেন রানা। ৪৩ রান করা পল স্টার্লিং রানআউট হওয়ার পর বাকি তিন ব্যাটসম্যানকে তুলে নেন হাসান মুরাদ ও তাইজুল ইসলাম। 

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড: ২৮৬ ও ২৯ ওভারে ৮৬/৫ (স্টার্লিং ৪৩, টেক্টর ১৮; মুরাদ ২/৮)।

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪১ ওভারে ৫৮৭/৮ ডি. (মাহমুদুল ১৭১, নাজমুল ১০০, মুমিনুল ৮২, সাদমান ৮০, লিটন ৬০; হামফ্রিস ৫/১৭০, ম্যাকার্থি ২/৭২)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত