হামজা ২ নেপাল ২, শেষ মুহূর্তে গোল হজমে ড্র

প্রীতি ম্যাচে ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ নেপালের বিপক্ষে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধ শুরুর চার মিনিটের মধ্যে হামজা চৌধুরীর জোড়া গোলে এগিয়েও যায় বাংলাদেশ। তবে যোগকরা সময়ের তৃতীয় মিনিটে গোল শোধ দেয় নেপাল। কর্নার থেকে আসা বলে পা ছুঁইয়ে নেপালকে সমতায় ফেরান অনন্ত তামাং। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।

হামজার একটি গোল ছিল ওভারহেড কিকে অপরটি তিনি করেন পেনাল্টি থেকে। ৮০ মিনিটে হামজাকে উঠিয়ে নেন বাংলাদেশের কোচ। সিদ্ধান্তটা অবশ্য বাধ্য হয়েই নেওয়া। ছোটখাট চোট পেয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসার পরই হামজাকে উঠিয়ে নেওয়া হয়।

হামজার ম্যাজিক

হামজার বদলি হিসেবে মাঠে নামেন কিউবা মিচেল। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ এটি।

২০২০ সালের ১৩ নভেম্বরের পর বাংলাদেশ আর নেপালকে হারাতে পারেনি। পাঁচ বছর পর আজ আরেকটি ১৩ নভেম্বরে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষটা ভালো হলো না, ড্র নিয়ে ছাড়তে হলো মাঠ।