টাঙ্গাইলের বাসাইলে প্রান্তিক জনগোষ্ঠীর শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী ও বিনোদন এবং শারীরিক-মানসিক বিকাশসহ ঝরেপড়া রোধে প্লে-গ্রাউন্ড স্থাপন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ‘বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সঙ্গে’ এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার নাইকানীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্লে-গ্রাউন্ড উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকলিমা বেগম।
উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে প্লে-গ্রাউন্ড স্থাপনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। প্রথম পর্যায়ে বাসাইল সদর ইউনিয়নের নাইকানীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মনির খান ইমন, নাইকানীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী জামান প্রমুখ।
প্রধান শিক্ষক শিউলী জামান বলেন, ‘শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আনন্দময় পরিবেশে বেড়ে উঠবে। এখন আনন্দের সঙ্গে তারা স্কুলে আসবে। বিদ্যালয়ের অনুপস্থিতির হার কমে যাবে।’ ইউএনও বলেন, ‘জেলা প্রশাসক বাসাইল উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড স্থাপনের উদ্যোগ নিয়েছেন। আজ একটি বিদ্যালয়ে এর উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি বিদ্যালয়গুলোতেও করা হবে।’