সমুদ্র সৈকতে দেখা গেল দুই টেনিস তারকার রোমান্স

টেনিস কোর্টে নতুন এক প্রেমকাহিনী নিয়ে সরগরম আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম। রাশিয়ার টেনিস তারকা আনাস্তাসিয়া পোতাপোভা এবং নেদারল্যান্ডসের খেলোয়াড় ট্যালন গ্রিক্সপুয়ের সম্পর্কের গুঞ্জন অবশেষে সত্য হলো। সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে পোতাপোভার সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করা ছবিতেই সব প্রমাণ হয়ে যাচ্ছে বলে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ছবিগুলোকে তাদের রোমান্সের প্রথম আনুষ্ঠানিক ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ৫১ নম্বর পোতাপোভা এবং ২৫ নম্বর তারকা গ্রিক্সপুয়র মালদ্বীপে ছুটি কাটানোর সময় একসঙ্গে জেটস্কি, সাইক্লিং এবং স্নরকেলিং করেছেন। কয়েক মাস ধরেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন চলছিল। বিশেষ করে ভারতীয় ওয়েলস টুর্নামেন্টে গ্রিক্সপুয়রের বক্সে পোতাপোভার উপস্থিতির পর।এই ছবি নিয়েই যত আলোচনা।

পোতাপোভার ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন আসে ২০২৪ সালের শেষ দিকে। দীর্ঘদিনের সঙ্গী ও ছেলেবেলার বন্ধু রুশ টেনিস খেলোয়াড় আলেকজান্ডার শেভচেঙ্কোর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। ২০২৩ সালে সেন্ট পিটার্সবার্গে তাদের বিয়ে হলেও সংসার জীবনে জটিলতা বাড়তে থাকলে দাম্পত্যের ইতি টানেন তারা। বিচ্ছেদের বিষয়ে পোতাপোভা বলেন, ‘বড় কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। কঠিন ছিল, কিন্তু প্রয়োজনীয়। জীবন এমনই।’সমুদ্র সৈকতে আনাস্তাসিয়া পোতাপোভা।

বিচ্ছেদ পরবর্তী সময় মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শেভচেঙ্কোর ছবি মুছে ফেলেন পোতাপোভা। পরিবারের বিশেষত মা ইউলিয়ার সমর্থন তাকে স্থির থাকতে সাহায্য করেছে বলেও জানান তিনি। ব্যক্তিগত জীবনের চাপ থাকা সত্ত্বেও পোতাপোভা ২০২৫ মৌসুমে ক্লুজ-নাপোকায় শিরোপা জয় করেছেন। এবার ব্যক্তিগত জীবনেও তার বসন্ত।