ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। প্রথম স্ত্রী রুথ স্ট্রাউসের মৃত্যুর ৭ বছর পর ৪৮ বছর বয়সী এই ক্রিকেট কিংবদন্তি আগামী ডিসেম্বরেই বিয়ে করছেন তার প্রেমিকা অ্যান্টোনিয়া লিনিয়াস পিটকে। স্ট্রাউস–রুথ দম্পতির দুই ছেলে আছে। স্যামুয়েলের বয়স ১৯ এবং লুকার বয়স ১৭।
স্ট্রাউস স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে জানান, আগামী ১৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার ফ্রান্সহুক শহরে ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কেপ টাউন থেকে প্রায় ৫০ মাইল দূরের এই ছোট শহরটি ওয়াইনের জন্য বিখ্যাত। পারিবারিক পরিবেশেই বিয়ে অনুষ্ঠিত হবে। এ কারণে তিনি অস্ট্রেলিয়া মাটিতে আসন্ন অ্যাশেজ সিরিজে উপস্থিত থাকবেন না।
৩০ বছর বয়সী অ্যান্টোনিয়া লিনিয়াস-পিট পেশায় আর্ট অ্যাডভাইসরি প্রতিষ্ঠানের পরিচালক। আগে ছিলেন পিআর এক্সিকিউটিভ। তিনি বেড়ে উঠেছেন হংকংয়ে আর পড়াশোনা করেছেন সেন্ট মেরিজ ক্যাল্নে স্কুলে। দুই বছর আগে লন্ডনের একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় প্রথমবারের মতো তাদের একসঙ্গে দেখা যায়। এরপর উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের রয়্যাল বক্সেও দুজনকে একসঙ্গে দেখা গেছে।
অ্যান্ড্রু স্ট্রাউসের প্রথম স্ত্রী রুথ ম্যাকডোনাল্ড ২০১৮ সালের ডিসেম্বর মাসে ৪৬ বছর বয়সে একটি বিরল ধরণের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। রুথকে হারানোর পর স্ট্রাউস তাঁর স্মৃতিতে ‘রুথ স্ট্রাউস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। সংস্থাটি অসহায় ব্যক্তিদের মরণাপন্ন স্বজনদের সহায়তা দেয় এবং অধুমপায়ীদের ফুসফুস ক্যান্সার বিষয়ে গবেষণার জন্য অর্থায়ন করে।